হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টের জামিন বহাল

হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। বুধবার (২৯ জুলাই) আদালত এই আদেশ জারি করেন। ব্যারিস্টার সুমনের আইনজীবী এম. লিটন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জুলাই বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। আদালতে তাঁর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী এম লিটন আহমেদ ও ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির অভিযোগ ওঠে। পরবর্তীতে সেপ্টেম্বরে মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় সাবেক এই সংসদ সদস্যসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে (রাত ১:৩০ টা) রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকা থেকে পুলিশ ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে তিনি কারাবন্দী রয়েছেন।