হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালো আদালত

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত আসামিকে হাজির করার পর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২২ আগস্ট শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে তার বাবা আবদুল হান্নান সরকার ধানমন্ডি থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ৯ মার্চ পিবিআইয়ের পরিদর্শক ইয়াসিন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে সালমান এফ রহমানকে চার নম্বর আসামি করা হয়।
আদালত গত ৫ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি আগে থেকেই কারাগারে থাকায় ধানমন্ডি থানার এসআই মাহফুজুল হক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বুধবার আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
এদিন দুপুরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সালমান এফ রহমানকে আদালতে আনা হয়। তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় তোলার পর পুলিশ তার হেলমেট ও হাতকড়া খুলে দেয়। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আদেশ দেন।