হরমুজ চুক্তি শিগগিরই, তবু নৌপথ খুলছে না ইরান
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর খবর আসলেও ইরান স্পষ্ট করেছে যে, শুধু এই চুক্তির ভিত্তিতে নৌপথটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে না। গতকাল শনিবার তেহরানের পক্ষ থেকে এমনই অবস্থান তুলে ধরা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রণালি দিয়ে নতুন জাহাজ চলাচলের রুট নির্ধারণে ইরান ও ওমান চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে। তবে পথটি আবার খোলার বিষয়টি যুক্তরাষ্ট্র থেকে ক্ষতিপূরণ আদায়সহ অন্যান্য শর্ত পূরণের ওপর নির্ভরশীল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুক্তরাষ্ট্র কর্মকর্তা গত শুক্রবার বলেন, ওয়াশিংটন আশাবাদী যে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই চুক্তি হবে। দেশ দুটি এই প্রণালির দুই পাশে অবস্থিত এবং চুক্তি হলে তেলের স্বাভাবিক পরিবহন পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুক্তি নিয়ে আশাবাদী বক্তব্যের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গতকাল দাবি করেছে, হরমুজ প্রণালিতে আরেকটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ অবসানে একটি বৃহত্তর চুক্তি জরুরি বলে মনে করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান সমঝোতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।