হরমুজ প্রণালি পুনরায় চালুতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথ হরমুজ প্রণালি আবার চলাচলের উপযোগী করতে ইরানের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, মঙ্গল বা বুধবারের মধ্যেই এ বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে এবং খুব শিগগির জলপথটি খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা সম্ভব হবে। এর ফলে চলমান সংঘাতও একটি স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছাবে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করতে চায়—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জাহাজগুলো কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে চলাচল করতে পারবে বলেই তাঁর বিশ্বাস।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার আশা প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা প্রত্যাহারের কথা জানান তিনি। তবে সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সংক্রান্ত কোনো আলোচনার তথ্য নাকচ করে দিয়েছিল তেহরান।
ইরানের পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য না এলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও ইরানের মধ্যে চলমান মধ্যস্থতায় ওয়াশিংটন যুক্ত রয়েছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খুব শিগগির এ বিষয়ে ভালো ফল আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।