জাতীয়

হাইল হাওরের ধানখেত থেকে অক্ষত অবস্থায় অজগর উদ্ধার

২ আগস্ট ২০২৬
হাইল হাওরের ধানখেত থেকে অক্ষত অবস্থায় অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে কৃষকদের হাত থেকে রক্ষা পাওয়ার পর অক্ষত অবস্থায় একটি অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের ধানখেত থেকে অক্ষত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইল হাওরে ধান রোপণের উদ্দেশ্যে জমি পরিষ্কারের সময় হঠাৎ সাপটি দেখতে পান কৃষকেরা। প্রথমে উদ্ধারকারী কারও সাথে যোগাযোগের মাধ্যম না পেয়ে তারা সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে মুহিবুর রহমান নামের এক স্থানীয় ব্যক্তি তাদের বাধা দেন এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর জোগাড় করে ঘটনাটি জানান।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গলের বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাপটি গহীন বনে অবমুক্ত করা হবে।

অজগর উদ্ধারশ্রীমঙ্গলহাইল হাওরবন্যপ্রাণী