হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৮৬৭ জন প্রাণ হারালেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত নতুন করে ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৬৭৭ জন উপসর্গ নিয়ে ভুগছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকার, যার মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে এবং দুজন উপসর্গ নিয়ে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৪০ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন উপসর্গ নিয়ে শনাক্ত হন। এই সময়ে উপসর্গ নিয়ে ৭৬৯ জন এবং হাম শনাক্তের পর ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ২০০ জন সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।