হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দিল্লিতে ব্রিফিংয়ে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে যা কিছু বলেছেন, তা ভারত সরকার অনুমোদন করে না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে ওই মঞ্চ থেকে যা বলা হয়েছে, তার প্রতি ভারতের কোনো সমর্থন নেই।
গত বুধবার ফরেন করেসপন্ডেটস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনা বক্তব্য দেন। বাংলাদেশ সরকার এতে কঠোর আপত্তি জানিয়েছিল এবং এটিকে সার্বভৌমত্বের অবমাননা হিসেবে চিহ্নিত করেছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জয়সোয়াল স্পষ্ট করেন, ওই আয়োজনটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগ ছিল এবং তাতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি ইংরেজি ও হিন্দি উভয় ভাষায়ই এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়ে সজীব ওয়াজেদ বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করেছিলেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, প্রতিবেশী দেশের ঘটনাবলির ওপর ভারত সর্বদা নজর রাখে এবং রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে সজীব ওয়াজেদের মন্তব্যের প্রতি সরাসরি সমর্থন বা বিরোধিতা করেননি তিনি।