হোরমুজ প্রণালী পরিচালনায় ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে ওমানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের পরিকল্পনাটি তাদের জাতীয় নিরাপত্তার উদ্বেগ মেটাতে ব্যর্থ হয়েছে। জলপথটিতে নিজেদের আরও বেশি কর্তৃত্ব নিশ্চিত করতে এবার পাল্টা প্রস্তাব দিয়েছে দেশটি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টিভিতে জানান, ওমান ৫০-৫০ বা সমপরিমাণ অংশীদারিত্বের ভিত্তিতে প্রণালীটি পরিচালনার প্রস্তাব দিয়েছিল। সেখানে মালাক্কা প্রণালীর মডেলে স্বেচ্ছাসেবী ফি ব্যবস্থার কথাও বলা হয়। তবে তা খারিজ করে ঘারিবাবাদি বলেন, ইরানের পাল্টা প্রস্তাবে উভয়মুখী জাহাজ চলাচলের ওপর তেহরানের কার্যকর নজরদারি প্রতিষ্ঠিত হবে। ওমান এই পরিকল্পনা না মানলে প্রণালীটি বন্ধই থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই হোরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। গত ১৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এর অস্পষ্ট শর্তের কারণে বিতর্ক ও নতুন করে সংঘর্ষ শুরু হয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধপূর্ববর্তী বিনামূল্যে জাহাজ চলাচলের সুযোগ আর ফিরবে না।
এদিকে ওমান এখন তিনটি রুট বা পথ তৈরির কথা বিবেচনা করছে, যার মধ্যে একটি আন্তর্জাতিক এবং দুটি দুই দেশের জলসীমায় থাকবে। তবে চূড়ান্ত সমঝোতার আগে জাহাজের শুল্ক নির্ধারণ, চলাচলের পথ এবং সাগরে মাইন অপসারণের মতো বেশ কিছু জটিল বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।