আন্তর্জাতিক

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ফরাসি আদালতের বাধা

১৪ আগস্ট ২০২৬
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ফরাসি আদালতের বাধা
মতপ্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তা লঙ্ঘনের কারণে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইনটি বাতিল করেছে ফ্রান্সের আদালত।

ফ্রান্সের শীর্ষ আদালত সংবিধান পরিষদ ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আনা নিষেধাজ্ঞা আটকে দিয়েছে। আদালত তার রুলিংয়ে জানিয়েছে, এই বিধিনিষেধ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করে। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর তরুণদের সোশাল মিডিয়া ব্যবহারের রাশ টানার পরিকল্পনা ধাক্কা খেল।

গত জুলাই মাসে ফরাসি পার্লামেন্টে অনুমোদিত আইনটিতে সেপ্টেম্বরের শুরু থেকে ১৫ বছরের কম বয়সীদের নতুন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার বিধান ছিল। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চার মাসের মধ্যে বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধ ও বয়স যাচাই নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছিল। তবে আদালত জানায়, বয়সের প্রমাণ নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট কোনো সীমা বা শর্ত নির্ধারণ করতে পারেনি আইনটি।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের প্রবণতা বাড়ছে। অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ইউরোপীয় কমিশনও প্ল্যাটফর্মগুলোতে বয়সভিত্তিক বিধিনিষেধ আনার পরিকল্পনা করছে।

ফরাসি রাষ্ট্রপতির কার্যালয় এলিজে জানিয়েছে, আদালতের আপত্তির বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যকরনুকে আইনটি পুনর্লিখনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাক্রোঁ। ২০২৭ সালের বসন্তে ফ্রান্সে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্রান্সইমানুয়েল মাক্রোঁসামাজিক যোগাযোগমাধ্যমআদালত