জাতীয়

১৮ আগস্ট থেকে মাদক বিরোধী কঠোর অভিযান, থানায় তথ্য বক্স

১১ আগস্ট ২০২৬
১৮ আগস্ট থেকে মাদক বিরোধী কঠোর অভিযান, থানায় তথ্য বক্স
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, ১৮ আগস্ট থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিটি থানায় তথ্য বক্স স্থাপন করা হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন জানিয়েছেন, আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র‍্যালির আগে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, মাদক শুধু ব্যক্তিগত জীবন নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি জানান, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুমিল্লাকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সীমান্ত দিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক প্রবেশ করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন বদ্ধপরিকর। কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে প্রতিটি থানায় একটি করে তথ্য বক্স স্থাপন করা হবে। এসব বক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে। মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

মাদককুমিল্লাঅভিযানজাকারিয়া তাহের সুমনবিএনপি