১৮ মাসে সিইআইজেড-এর প্রথম কারখানা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হতে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রাথমিকভাবে তিন থেকে পাঁচ বছর সময়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে উৎপাদন শুরু করার চ্যালেঞ্জ দেন। পরবর্তীতে ডেভেলপার প্রতিষ্ঠানও এই সময়সীমার মধ্যে উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।
বেজার চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং জোনটি দ্রুত চালু হলে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে। তিনি দেশের স্বার্থকে সবার ওপরে রাখতে এবং সম্মিলিতভাবে কাজ করে সমস্যা সমাধানের আহ্বান জানান।