১৯ বছরে সর্বনিম্ন এসএসসির ফল, পাস করেছে ৬২.২৫ শতাংশ

প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা বিগত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭.৩৭ শতাংশ। এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.২ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলে দেখা যায়, পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছেলেদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। ঢাকা বোর্ড পাসের হার (৭১.৬৩%) ও জিপিএ-৫ (৩৩,২৫৩ জন) প্রাপ্তিতে সেরা হয়েছে। আর সবচেয়ে কম পাসের হার মাদ্রাসা বোর্ডে (৫৫.৪৯%) এবং সর্বনিম্ন জিপিএ-৫ এসেছে বরিশাল বোর্ডে (২,৭৭৮ জন)।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার সবচেয়ে বেশি (৮০.৬৪%), আর সবচেয়ে কম মানবিক বিভাগে (৪৮.৭৪%)। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪.২৯ শতাংশ। এবার দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যেখানে গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। অন্যদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৯টিতে। আশানুরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীরা মঙ্গলবার থেকে অনলাইনে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে।