আন্তর্জাতিক

২০০ বছরের গাছ কাটা বন্ধ করুন, সান রাফায়েলে বিক্ষোভ

৭ আগস্ট ২০২৬
২০০ বছরের গাছ কাটা বন্ধ করুন, সান রাফায়েলে বিক্ষোভ
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে ২০০ বছরের পুরোনো কটনউড গাছটি কেটে ফেলার প্রতিবাদে স্থানীয়রা ও পরিবেশবাদীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সান রাফায়েল উপত্যকায় অবস্থিত লোকিয়েল শহরে একটি ২০০ বছরের পুরোনো কটনউড গাছ কেটে ফেলার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এই গাছটি কেবল প্রকৃতির অংশ নয়, এটি তাদের ঐতিহ্য ও পরিচয়ের সাথেও জড়িত। তারা এই গাছটিকে ‘স্ট্যাচু অব লিবার্টির’ সমমানের গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সরকারি উৎস জানায়, মেক্সিকো সীমান্তে ৩০ ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনে এই গাছটি সরানো হচ্ছে। গত বছর শুরু হওয়া এই প্রকল্প এখন লোকিয়েল শহরে এসে পৌঁছেছে। গত ২৭ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকার আরও তিনটি বিশাল কটনউড গাছ কেটে ফেলে, যার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। বর্তমানে এটি এলাকার শেষ বড় কটনউড গাছ।

কয়েক ডজন মানুষ গাছটির চারপাশে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন এবং একজন করে ব্যানার টাঙিয়ে গাছে উঠে অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিবেশবাদী সংগঠন ম্যাড্রিয়ান আর্কিপেলাগো ওয়াইল্ডলাইফ সেন্টারের প্রতিষ্ঠাতা কেট স্কট জানান, কটনউড গাছ স্থানীয় বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সৌন্দর্যের প্রতীক। তিনি গাছটি কাটাকে ধ্বংসযজ্ঞ হিসেবে আখ্যায়িত করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে রক্ষার দাবি জানান।

বিক্ষোভকারীদের অন্য একটি অভিযোগ হলো, প্রাচীর নির্মাণে স্থানীয় বন্য প্রাণীদের চলাচলে বাধা সৃষ্টি হবে। সান রাফায়েল উপত্যকায় ভালুক ও শজারুসহ নানা প্রাণী বাস করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে নিচু কাঁটাতারের বেড়া দেওয়া হলেও প্রাণীরা তা পার হতে পারত। কিন্তু ৩০ ফুট উঁচু দেয়াল তাদের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

বিক্ষোভপরিবেশমেক্সিকো সীমান্তঅ্যারিজোনাকটনউড গাছ