২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা দিলো ব্যবসায়ীরা

বাণিজ্য বিস্তার, নতুন শিল্প স্থাপন ও বিদেশি বিনিয়োগের গতি বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা সহজ ঋণ সুবিধা, নীতিগত সমর্থন ও সহায়ক ব্যবসায়িক পরিবেশের দাবি জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন।
সভায় আগামী ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার একটি রূপরেখা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতির বর্তমান সমস্যাগুলো ব্যবসায়ীদের মতো সরকারও উপলব্ধি করছে। এসব সমস্যা সমাধানে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
গত এপ্রিলে উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, সে সময় উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ইতোমধ্যে ২১টি নিরসন করা হয়েছে এবং বাকি ৭টি বিষয় প্রক্রিয়াধীন। বৈঠকে নতুন আসা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও বৈঠক হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এমন সংলাপ চললে চার থেকে পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উক্ত মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।