২৫ আগস্টের মধ্যে রেজল্যুশন বাতিল না হলে আন্দোলনে শিক্ষক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনটি একই সাথে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের সদস্য সচিব দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ ক্ষমতা কমিটির হাতে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত হলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন না পাওয়ায় এখনো কোনো আদেশ জারি হয়নি। এই অনিশ্চয়তা দূর করে ২৫ আগস্টের মধ্যে রেজল্যুশন বাতিল করতে হবে বলে জোটের দাবি।
দাবি পূরণ না হলে ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে নিয়ে সারাদেশে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করলে শিক্ষক-কর্মচারীরা তা মেনে নেবেন না। ২৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।