অর্থনীতি

৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

১ আগস্ট ২০২৬
৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ মন্তব্য করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সভা আয়োজন করে।

প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার ও ব্যবসায়ীরা উভয় পক্ষই অনুধাবন করছেন। আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টি বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি বিষয় এখনো প্রক্রিয়াধীন।

তিনি বলেন, আলোচনার মাধ্যমেই কার্যকর সমাধান বেরিয়ে আসে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। দীর্ঘ সময় ধরে খোলামেলা সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তার দাবি জানান। এ সময় ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা তুলে ধরা হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীঅর্থনীতিব্যবসায়ীবিডারপ্তানি