অর্থনীতি

৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে বন্ধ শিল্প ও কৃষি খাতকে সহায়তা

২০ আগস্ট ২০২৬
৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে বন্ধ শিল্প ও কৃষি খাতকে সহায়তা
বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজ গঠন করে সাতটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে, যার লক্ষ্য উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংক উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজের আওতায় ঋণ বিতরণ শুরু করছে।

২০ আগস্ট বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাতটি ব্যাংক হলো সোনালী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

চুক্তিতে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীল খাতকে সহায়তা করতে মোট ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি অর্থায়ন প্যাকেজ গঠন করা হয়েছে।

প্যাকেজের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিমে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও পল্লী খাতের পুনঃঅর্থায়ন স্কিমে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানসহ সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মো. কবির আহাম্মদ বলেন, ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রবাহিত করার পাশাপাশি প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়নের মাধ্যমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অর্থায়নব্যাংকউদ্যোগকৃষিবন্ধ শিল্প